হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো. রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক রিপনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে আবাসিক এলাকার ইউ-৮০ নম্বর বাসার জানালা দিয়ে চোরচক্রের সদস্যরা প্রবেশের চেষ্টা করছিল। এ সময় টহলরত আনসার সদস্যদের নজরে বিষয়টি এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দুই সহযোগী পালিয়ে গেলেও রিপন মিয়াকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা।
অভিযানে এপিসি মো. নাসির উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্য মো. খাইরুল ও মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পালন করেন।
ঘটনার পর বাসার সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা জানান, পরদিন ওই বাসায় বিয়ের অনুষ্ঠান থাকায় ঘরে মূল্যবান মালামাল রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া সহযোগীদের নিয়ে এসব মালামাল চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক ও চোরাচালানসংক্রান্ত মামলা রয়েছে।
চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় বাসার সদস্যরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রিপন মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।