সরকারকে ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়ার যে খবর সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘এসব তথ্য দেশের অর্থনৈতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য কোনোভাবেই সত্য না। এর আসলে কোনো অস্তিত্ব নেই।’
এ সময় গভর্নর আরও বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন। তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা করছে সরকার।’
সভায় রাজনীতি থেকে দেশের অর্থনীতিকে বের করে গণতন্ত্রায়ণের দিকে নিতে হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতদিন ভিন্ন চর্চা হওয়ায় ব্যাংক ও পুঁজিবাজার খালি হয়ে গেছে বলেও জানান তিনি।