জন-বাজেট সংসদ ২০২৬
মূল্যস্ফীতি, বেকারত্ব, উচ্চ ঋণভার ও ভ্যাটের চাপের প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক ও গণমুখী বাজেট প্রণয়নের দাবি আরও জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে ‘জন-বাজেট সংসদ ২০২৬’ শীর্ষক দিনব্যাপী সংলাপ শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়নকর্মী, শ্রমিক প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি চাপে রয়েছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়া এবং কর্মসংস্থানের সংকট মানুষের জীবনযাত্রাকে ক্রমেই কঠিন করে তুলছে। একই সঙ্গে বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের চাপ উন্নয়ন ব্যয়ের সুযোগ সীমিত করছে বলেও তারা মন্তব্য করেন।
দিনব্যাপী আলোচনায় জাতীয় বাজেটে ন্যায্যতা নিশ্চিত, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব ও ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক করার আহ্বান জানানো হয়। বিশেষ করে জেলা বাজেট, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং জনঅংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা।
তারা বলেন, দেশের বর্তমান বাজেট কাঠামো অত্যন্ত কেন্দ্রীয়। স্থানীয় উন্নয়ন কার্যক্রম কার্যকর করতে জেলা ও স্থানীয় পর্যায়ে বরাদ্দ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে উন্মুক্ত বাজেট সভা, সামাজিক নিরীক্ষা ও নাগরিক অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার, কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ড. জাহাঙ্গীর আলম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম, বিকেএমইএ পরচালক মোঃ জামাল উদ্দিন মিয়া, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন এবং অ্যাকশন এইড বাংলাদেশের ইয়ুথ লিড নাজমুল আহসান।
এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর লিডি নাকপিল।
অনুষ্ঠানের শেষে ‘পিপলস বাজেট ডিক্লারেশন ২০২৬’ গ্রহণ করা হয়। এতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও কর্মসংস্থানমুখী বাজেট ব্যবস্থার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় সরকারের আর্থিক ক্ষমতা বৃদ্ধি এবং বাজেট প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।