সরকার বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সে লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে।
রোববার (২৬ জুলাই) ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার সামিট ২০২৬ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও প্রতিষ্ঠিত হবে।’ এ সময় তিনি ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন ও রপ্তানিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।’
মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, ‘এই বিইএআর সামিট প্রমাণ করেছে যে, বাংলাদেশ একা নয়। শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প খাতের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাই এটি কেবল একটি সম্মেলন নয়; এটি একটি আন্দোলনের সূচনা।’