অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে দ্বিতীয় দফায় এই সময় বাড়ানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র নিশ্চিত করেছেন।
এর আগে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। সেই সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী, সাধারণত ৩০ নভেম্বরই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।
রিটার্ন দাখিলের সময় বাড়ানো প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, সময় বাড়ানো হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি সরকারের সিদ্ধান্ত। যেহেতু প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে তাই বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।
চট্টগ্রাম কর অঞ্চলের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। যেহেতু প্রথমবার অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে তাই সরকার চাইলে করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়াতে পারে।