ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। ট্রাম্প প্রশাসনকে এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে প্রকাশিত মূল্যায়ন থেকে এটি স্পষ্ট যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখতে নিজের দেশে তীব্র চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু।
মূলত এ কারণে মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রক্রিয়াধীন চুক্তির একটি অন্যতম প্রধান শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যেখানে লেবাননে লড়াই বন্ধের আহ্বান জানানো হয়েছে।
নেতানিয়াহু সরকার এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই মূল্যায়ন সামনে এলো।
এরই মধ্যে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা এই কূটনৈতিক প্রচেষ্টাকে নস্যাৎ করতে পারে।