এসএসসি পরীক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারা দেশে ৩২ হাজার ৩৯২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এ দিন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের তিন হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তিন হাজার ৬৪ জন।
কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন ও কারিগরি বোর্ডের একজন পরীক্ষার্থী রয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১০ হাজার ৮০ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন।
বোর্ডভিত্তিক তথ্য থেকে জানা যায়, ঢাকা বোর্ডে তিন লাখ আট হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৭৩৯ জন অনুপস্থিত ছিলেন ও সাতজন বহিষ্কৃত হয়েছেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত দুই হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত এক হাজার ৩৭২ জন, বহিষ্কার একজন। যশোর বোর্ডে অনুপস্থিত দুই হাজার ৫৭ জন ও বহিষ্কার দুইজন, চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত এক হাজার ৬১৯ জন ও বহিষ্কার একজন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৮৭ জন ও বহিষ্কার দুইজন। বরিশাল বোর্ডে অনুপস্থিত এক হাজার ৬১৩ জন ও বহিষ্কার ছয়জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত এক হাজার ৬২৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত এক হাজার ১২৮ জন, বহিষ্কার পাঁচজন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে দুই লাখ ৪০ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে মোট এক লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় এক লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিত ছিলেন তিন হাজার ৬৪ জন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলো। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে এবং ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে তা চলবে ১৪ জুন পর্যন্ত।