নেত্রকোণা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বহু এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন এবং কোথাও কোথাও ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এনসিপি জানায়, শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম এখন প্রকৃতির বিরূপতা ও ব্যবস্থাপনার ঘাটতির দ্বৈত চাপে হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে দলটি সরকারের প্রতি জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে হাওরাঞ্চলে পর্যাপ্ত কম্বাইন হারভেস্টার সরবরাহ এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, ফসল রক্ষা বাঁধ দ্রুত মেরামত ও শক্তিশালীকরণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি দ্রুত সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাওর অঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। এ সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে তা জাতীয় খাদ্য ব্যবস্থা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষকের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।