যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি প্রধান সুজান ভাইজের নেতৃত্বে জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি প্রতিনিধি দল। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- ইউনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে, ইউএন উইমেনের পার্টনারসিপ এনালিস্ট সাইয়েদা সামারা মোরতাদা, ইউএনএফপিএ’র টেকনিকাল অফিসার হাবিবুর রহমান ও আইএলও’র কান্ট্রি অফিসার গুঞ্জন বি. ডালাকোটি।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের যুব উন্নয়ন এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাবিত ইয়ুথ ভয়েস মেকানিজম (ওয়াইভিএম) প্রকল্পের কার্যক্রম এবং এর বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন প্রতিনিধিরা। একই সঙ্গে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জাতীয় যুব নীতি এবং যুব উদ্যোক্তা নীতিমালার কৌশলগত অগ্রাধিকারসমূহ নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয় এবং এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
সাক্ষাতে সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে দুই পক্ষ একমত হয়। সমাজের সব স্তরের তরুণদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাব্য অগ্রাধিকার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিনিধি দল আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে চলমান যুব উন্নয়ন কার্যক্রমগুলো আরও গতিশীল হবে। সরকারের সঙ্গে জাতিসংঘের এই সমন্বয় বাংলাদেশের তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আধুনিক ও কার্যকর যুব নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলোকে স্বাগত জানান এবং বাংলাদেশের যুব সমাজের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।