একসময় যে দেশকে বলা হতো ‘ফুটবলের দেশ’, সেই ব্রাজিলেই এখন ফুটবলের প্রতি আগ্রহ কমছে উদ্বেগজনক হারে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৩৬ শতাংশ মানুষের ফুটবলে কোনো আগ্রহ নেই, যা ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ডাটাফোলহার জরিপ অনুযায়ী, ২০২৩ সালে যেখানে ২৮ শতাংশ ব্রাজিলিয়ান ফুটবলে অনাগ্রহী ছিলেন, এখন সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। অর্থাৎ মাত্র তিন বছরের ব্যবধানে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ।
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন ধরে বড় কোনো শিরোপা জিততে না পারা, দলের ধারাবাহিক ব্যর্থতা এবং নেইমারের পর নতুন কোনো সুপারস্টারের অভাব, এসবই দর্শকদের আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পর পরিচালিত এই জরিপে ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার প্রায় দুই হাজার মানুষের মতামত নেওয়া হয়। জরিপে দেখা যায়, ৬৪ শতাংশ মানুষ এখনো ফুটবল দেখেন, তবে তাদের মধ্যে মাত্র ২৮ শতাংশের আগ্রহ খুব বেশি। ৩৫ শতাংশের আগ্রহ সীমিত, আর বাকি ৩৬ শতাংশের ফুটবলের প্রতি কোনো আগ্রহই নেই।