প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে জাপানের রাজধানী টোকিওর একটি চিড়িয়াখানায় তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। তাপজনিত অসুস্থতায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, পশ্চিম টোকিওর তামা চিড়িয়াখানায় এক সপ্তাহের ব্যবধানে এই তিন সিংহী মারা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তে তিন থেকে ১৫ বছর বয়সী সিংহীগুলোর দেহে পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকলের লক্ষণ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমই তাদের মৃত্যুর কারণ।
চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা বিবিসিকে বলেন, ‘এ ধরনের ঘটনার মুখোমুখি আমরা এই প্রথম হলাম। গত বছরও প্রচণ্ড গরম ছিল। তবে তখন আমাদের কোনো সিংহ এভাবে অসুস্থ হয়ে পড়েনি।’
জাপানে প্রতি বছর গ্রীষ্ম আরও উষ্ণ ও বিপজ্জনক হয়ে উঠছে। দেশটির কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।
তামা চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হয়, তিন বছর বয়সী সিংহী মুগি গত ১৯ জুলাই থেকে খাবারে অরুচিতে ভুগছিল। পরদিন সে আর দাঁড়াতে পারেনি। তাকে ঠান্ডা রাখতে চিড়িয়াখানার কর্মীরা বাতাস চলাচলের ব্যবস্থা করেন এবং পানি দেন। পরে তাকে তরল, লিভারের ওষুধ ও ভিটামিন দেওয়া হয়। ২৮ জুলাই মুগির মৃত্যু হয়।
এরপর ৩১ জুলাই মারা যায় ১১ বছর বয়সী সিংহী ইচিগো। ১৫ বছর বয়সী সিংহী লুয়েনার মৃত্যু হয় গত রোববার।
পরদিন চিড়িয়াখানার এক বিবৃতিতে জানানো হয়, আরও তিনটি সিংহ—দুটি পুরুষ ও একটি স্ত্রী—অসুস্থ এবং দাঁড়াতে পারছে না। তাদের তরল, লিভারের ওষুধ ও ভিটামিন দেওয়া হচ্ছে।
অসুস্থ এই সিংহগুলোকে বহনযোগ্য শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এবং শিল্পকারখানায় ব্যবহৃত বড় ফ্যান থাকা বিশেষ খাঁচায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।