বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) দেশের উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আলোচনা সভার আয়োজন করেছে।
‘রোল অব প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন হায়ার এডুকেশন, ফিউচার ডিরেকশনস অ্যান্ড আ জয়েন্ট অ্যাকশন প্ল্যান ফর অ্যাচিভিং ন্যাশনাল গোলস’ শীর্ষক এ ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা শেরাটন হোটেল-এর বলরুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহাদি আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, উপাচার্য, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেবেন।
এ আলোচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ নির্ধারণ এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যৌথ অ্যাকশন প্ল্যান প্রণয়নের বিষয়ে আলোচনা হবে বলে আশা করছে এপিইউবি।
এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।