‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
শনিবার (১০ মে) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল— ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার।
সেমিনারে বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ এবং মানবিক রাষ্ট্র গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানান তারা।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তবে অন্তর্বর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন না করায় তারা হতাশা প্রকাশ করেন।
আলোচকরা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য জাতীয় প্রবৃদ্ধির অন্তত ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার আহ্বান জানান তারা।
এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং স্থায়ী শিক্ষা নীতির ওপর গুরুত্বারোপ করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।