যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের মানবতার বাণী এবং নজরুলের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এটি শুধু বার্ষিক সাংস্কৃতিক আয়োজনই, শিক্ষার্থীদের মধ্যে বাংলা সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য চর্চারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক আফরোজা হেলেনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা এবং জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনুষ্ঠানটির আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।