দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এই সময়ের ব্যস্ত অভিনেতা আরশ খান। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি সেলুন ব্যবসায় নেমেছেন। আরশ খান নিজেই তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, রাজধানীর উত্তরায় সেলুনের আউটলেট দিয়েছেন তিনি।
নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান উল্লেখ করে আরশা খান বলেন, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে সেলুনের প্রাইস লিস্ট করেছি।
বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রাইস লিস্ট নির্ধারণ করা হয়েছে, যাতে তারা সহজেই প্রয়োজনীয় গ্রুমিং সেবা নিতে পারে।
আরশ খান বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। আলহামদুলিল্লাহ, ছোট পরিসরে হলেও শুরু করতে পেরেছি। আমি চাই সবাইকে সেবা দিতে, বিশেষ করে যারা কম খরচে ভালো সার্ভিস খুঁজছেন।’
নতুন এই উদ্যোগের খবর পেয়ে সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শুভকামনা পাচ্ছেন আরশ। মন্তব্যের ঘরে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।