দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। গত ২১ এপ্রিল মুক্তি পেয়েছে তার চতুর্থ একক অ্যালবাম। এটির নাম রাখা হয়েছে ‘আলিফ আলাউদ্দীন’।
মোট ৬টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। এর মধ্যে রয়েছে চারটি নতুন মৌলিক গান, যার কথা লিখেছেন আলিফ আলাউদ্দীন নিজেই। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তার স্বামী ও সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ। মৌলিক গানের পাশাপাশি অ্যালবামে রয়েছে বিশেষ চমক। নিজের শেকড় ও পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি গান ‘ট্রিবিউট’ হিসেবে যুক্ত করেছেন তিনি। এই দুটি গানই অতীতে তার মা, প্রখ্যাত শিল্পী সালমা সুলতানার কণ্ঠে জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে একটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন কিংবদন্তি আইয়ূব বাচ্চু। অন্য গানটির গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলিফের বাবা, সুরসম্রাট আলাউদ্দীন আলী।
পুরো অ্যালবামের সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
এই অ্যালবাম প্রসঙ্গে আলিফ আলাউদ্দীন বলেন, ‘এটা ডেফিনেটলি আমার জন্য অনেক স্পেশাল একটা অ্যালবাম। গান লেখা, সুর করা এবং গান তৈরি করার মজাটা খুব মিস করছিলাম। আমি যে আবার নতুন করে গান গাইতে পারব, তা আমার ভাবনার বাইরে ছিল। অসুস্থতার কারণে কণ্ঠটা ঠিক ছিল না। সুস্থ হওয়ার পর আবার চর্চায় ফিরলাম এবং নতুন করে কণ্ঠ তৈরি করলাম।’
আলিফ আলাউদ্দীনের প্রকাশিত আগের অ্যালবামগুলো হলো সেই তুমি এলে (১৯৯৮), ডাকে আমায় (২০০৬) এবং কল্পনাতে (২০১১)। নতুন অ্যালবামের গানগুলো মুক্তি পেয়েছে আলিফ আলাউদ্দীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।