বলিউড ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও আসছে দর্শকের জন্য। নতুন করে তৈরী হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার অন্যতম অভিনেতা আমির খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়ালের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। চিত্রনাট্যও তার পছন্দ হয়েছে বলে জানান তিনি।
যদিও শুটিং শুরুর সময় কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেতা।
আমির খান বলেন, নতুন গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে। জানা গেছে, সিক্যুয়ালের গল্প প্রায় ১০ বছর এগিয়ে থাকবে।
নিজের জনপ্রিয় চরিত্র র্যাঞ্চোতে ফেরার আগ্রহও প্রকাশ করেছেন এই তারকা।
সিনেমাটির মূল অভিনয়শিল্পী কারিনা কাপুর, আর মাধবন ও শারমান যোশিকেও ফের একসঙ্গে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ পুরনো দল নিয়েই ফিরতে পারে নতুন অধ্যায়।
এদিকে জানা গেছে, সিক্যুয়ালের কাজ এগিয়ে নিতে পরিচালক রাজকুমার হিরানি আপাতত অন্য একটি বায়োপিক প্রজেক্ট স্থগিত রেখেছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে ছবিটির শুটিং। ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল।