মা প্রতিটি সন্তানের কাছে পরম শ্রদ্ধা ও সম্মানীয় ব্যক্তিত্ব। নির্ভরতা ও মমতায় ঘেরা একটি জায়গাও। তাইতো বলা হয়, মায়ের মতো আপন কেউ নাই। মা যেমন সন্তানের সব কিছুর দায়িত্ব নেন দ্বিধাহীনভাবে এবং সন্তানও তাই মাকে খুঁজে ফিরেন স্বয়নে-স্বপনে।
মাকে নিয়ে রচনা হয়েছে বহু গান এবং তার মধ্যে অনেকগুলো গানই শ্রোতাদের কাছে পেয়েছে অমরত্ব। সেসব গান গেয়েছেন দেশের খ্যাতিমান শিল্পীরা। সেখান থেকে কয়েকটি গান নিয়ে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ: গানটির কথা ও সুর প্রিন্স মাহমুদের। গানটিতে কণ্ঠ দেন ব্যান্ড গায়ক জেমস। গানটি প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা পায়।
মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা: গাজী মাজহারুল আনোয়ারের কথা এবং সত্য সাহার সুরে গানটিতে কণ্ঠ দেন খুরশিদ আলম। দিলীপ বিশ্বাসের ‘সমাধি’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। এ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন নায়করাজ রাজ্জাক।
মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম: এই গানটির শিল্পী ফকির আলমগীর। কথা সংগৃহীত। নব্বইয়ের দশকে বিটিভির একটি অনুষ্ঠানে গানটি ফকির আলমগীর পরিবেশনের পরই দারুণ জনপ্রিয়তা পায়।
এমন একটা মা দে না: গানটি কথা ও সুর করেছেন ডা. নাসির আহমেদ। গানটির শিল্পী ফেরদৌস ওয়াহিদ। কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ১৯৭৫ সালের বিটিভির বিশেষ এক সঙ্গীতানুষ্ঠানে গানটি প্রচার হওয়ার পর থেকেই সেটি সাড়া জাগায়।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস: এ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। গানটির শিল্পী জেমস। ১৯৯৭ সালে মাকে হারানোর কষ্ট নিয়েই প্রিন্স মাহমুদ গানটি লিখেন। তখন জেমসের মাও পরলোকে গেছেন। ১৯৯৯ সালে ‘এখনও দুচোখে বন্যা’ নামের একটা মিক্সড অ্যালবামে গানটি বের হয়। তারপর থেকেই গানটি জেমসের পরিবেশনার তালিকায় স্থায়ী হয়ে গেছে।
ওই আকাশের তারায় তারায়: গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর করেছেন শওকত আলী ইমন। গানটির শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ। প্রতিযোগিতার মধ্যেই গানটি প্রথম প্রকাশ হয়। তারপর থেকে এখনও জনপ্রিয়তার শীর্ষে এই গানটি।
মায়ের মতো আপন কেহ নাই: রুমানা ইসলামের গাওয়া এই গানটি লিখেছেন এবং সুর করেছেন খান আতাউর রহমান। ‘দিন যায় কথা থাকে’ অ্যালবামের এই গানটি প্রকাশ হয় ১৯৭৯ সালে।
আম্মাাজান: ‘আম্মাজান, আম্মাজান, চোখের মণি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান, বুকের ধ্বনি আম্মাজান’- ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াতের ‘আম্মাজান’ ছবির গান এটি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ও আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া গান এটি।