মেজাবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের পর থেকেই নাফিজা তুষি দর্শক ও সিনেবোদ্ধাদের নজরে এসেছেন। সেই সিনেমার দর্শকপ্রিয়তা এবং তুষির সাবলীল অভিনয় তাকে চলচ্চিত্রের কঠিন রাস্তায় পথ তৈরী করে দিয়েছে। যে পথে এখন হাটছেন এই অভিনেত্রী।
একেরপর এক শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করছেন এবং করে তুলছেন অনন্য। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘রইদ’। যেটির পরিচালক সেই মেজবাউর রহমান সুমন। এদিকে কান চলচ্চিত্র উৎসব দিয়ে বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে আবির্ভূত হওয়া পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নতুন একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির নাম ‘অ্যানী’। সিনেমাটি এরইমধ্যে জায়গা করে নিয়েছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে। এটি নির্বাচিত হয়েছে জার্মানির কোলনে অনুষ্ঠিতব্য সেরিয়েনক্যাম্প উৎসবের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে। আগামী ৯ জুন বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশি এই প্রজেক্টটি।
গল্পের পটভ‚মি এক ডিস্টোপিয়ান সমাজ, যেখানে নার্স অ্যানি একাই পাঁচ ভাইবোনকে বড় করার দায়িত্ব নেয়। কিন্তু তার জীবন হঠাৎই পাল্টে যায় এক ভয়াবহ ঘটনায়। এরপর প্রতিশোধ, টিকে থাকা এবং নৈতিক দ্বন্দের মধ্য দিয়ে এগোতে থাকে কাহিনি। এই অ্যানির চরিত্রেই দেখা যাবে নাফিজা তুষিকে।
সিনেমাটির মাধ্যমে তুষি এবার বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন। যা তার অভিনয় ক্যারিয়ারের জন্য হতে যাচ্ছে এক নতুন মাহেন্দ্রক্ষণ।