দীর্ঘ এক যুগ পর নতুন গানের অ্যালবাম প্রকাশ করছেন সংগীতশিল্পী বালাম। তার নতুন অ্যালবামের নাম ‘মাওলা’। চলতি বছরের ঈদুল ফিতওে এই অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে। এবার আগামী ঈদে অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানা গেছে।
‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’-এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটির ভিডিওর শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
এটি বালামের পঞ্চম একক অ্যালবাম। অ্যালবামে থাকছে ছয়টি গান। এই অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, “কয়েক বছর ধরে সিঙ্গেল গান প্রকাশ করেছি। কিন্তু আমার মনে হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর নানা রং একসঙ্গে তুলে ধরতে পারে। শ্রোতারাও বৈচিত্র্য খুঁজে পান। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি।”
তিনি আরো বলেন, ‘মাওলা’ গানটি আমার জন্য খুব বিশেষ। কোভিডের সময়ের কিছু উপলব্ধি থেকে গানটির ভাবনা এসেছে। পৃথিবীর অস্থিরতা, মানুষের ভেতরের শূন্যতা এসব বিষয় আমাকে ভাবিয়েছে। সেই অনুভ‚তি থেকেই গানটি তৈরি। প্রথমবার সুফি ধারার গান করেছি। আশা করছি, শ্রোতারা নতুন এক বালামকে আবিষ্কার করবেন।’
নতুন অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক। বালামের প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে বালাম, বালাম ২, বালাম ৩ ও ভুবন।