প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এই সিরিজটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে এটি।
সিরিজটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন আয়মান সাদিয়া। অন্যান্য চরিত্রে দেখা যাবে অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপুকে। এছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং। সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। পরিচালনা করেছেন মিরাজ হোসেন। এ প্রসঙ্গে নির্মাতা জানান- সিলভার সাদিয়া’র গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন। যার ভেতরে গোপনে বেড়ে ওঠে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে তৈরি করে নিজস্ব দর্শকগোষ্ঠী। কিন্তু একসময় সেই গোপন সত্য বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের মুখোমুখি অবস্থান। পরিবার, দূরত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজটি।