বিনোদন দুনিয়ার সব মনযোগ এখন ভারতের তামিলনাড়ু প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর উপর। কারণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দক্ষিন ভারত তো বটেই, বলিউডের সব আলোচনা ছাপিয়ে থালাপতির এই রাজনৈতিক সাফল্য এখন বহুল চর্চিত বিষয়।
ঠিক এই পরিস্থিতিতেই নিজের অভিনয় জীবনের প্রথম নায়ককে নিয়ে কিছু নস্টালজিক স্মৃতি শেয়ার করেছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে ‘তামিযান’ নামের একটি সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সেই সিনেমায় প্রিয়াঙ্কার নায়ক ছিলেন থালাপতি বিজয়।
থালাপতি বিজয়ের এই ঐতিহাসিক জয়ের দিনে আলোচনায় উঠে এসেছে প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বিজয়ের ‘দেবতুল্য’ জনপ্রিয়তার কথা তুলে ধরেছিলেন।
২০০২ সালের সেই ‘তামিযান’ সিনেমার শুটিংয়ের সময়ই তিনি প্রথম বুঝতে পেরেছিলেন তারকাখ্যাতি কী জিনিস। প্রিয়াঙ্কা বলেন, বিজয় এতটাই জনপ্রিয় যে তাকে এক পলক দেখার জন্য শত শত মানুষ ভিড় করত। সে সময় পর্দার পেছনের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বিজয়ের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমার মনে হতো, এটা নিশ্চয়ই একজন দেবতুল্য হওয়ার অনুভূতি।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানান, বিজয়ের ভদ্রতা ও টিমের সহযোগিতার কারণেই প্রিয়াঙ্কা অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সাহস পেয়েছিলেন।