ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করলেন অভিনেতা থালাপতি বিজয়। নির্বাচন, সরকার গঠন এবং শপথ অনুষ্ঠান-এইসব কর্মকাণ্ডের মধ্যেই আবদ্ধ ছিলেন থালাপতি। তবে এসব কাজ সফলভাবে শেষ হওয়ার পর এখন দর্শকের আগ্রহ থালাপতি অভিনীত শেষ সিনেমার দিকে।
গত ৯ জানুয়ারি ঘোষণা দিয়েও মুক্তি পায়নি ‘জন নায়গন’ নামের সিনেমাটি। থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে সিনেমাটির মুক্তির বিষয়ে।
থালাপতির শপথ গ্রহন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সিনেমাটির প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ। এ প্রসঙ্গে সেদিন তিনি বলেন, ‘আমরা সিবিএফসির ছাড়পত্রের অপেক্ষায় আছি। সেই ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তি পাবে। আশা করি আগামী ১৪ দিনের মধ্যেই ছবি মুক্তি পাবে। বিজয় স্যার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত খুশি। নতুন এক অধ্যায়ের সূচনা হল। স্যার নিশ্চয়ই সব প্রতিশ্রুতি পূরণ করবেন। জন নায়গন খুব শিগগিরই মুক্তি পাবে।’
গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্র থালাপতি বিজয় অভিনীত শেষ ছবিটি। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছবিটি প্রথম সিবিএফসির পরীক্ষক কমিটির সামনে প্রদর্শিত হয়। এরপরই কিছু কাটছাঁটের পরামর্শ দেয়া হয়। পরিবর্তনের পর ছবিটিকে ‘ইউএ সার্টিফিকেট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ‘সিবিএফসি’। প্রযোজকরা সেই সুপারিশ মেনে ছবিটি জমা দিলে ফের কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। রিভাইজিং কমিটির কাছে পাঠানো হলে মুক্তি আরও বিলম্বিত হয়। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে পর্দায় আবির্ভ‚ত হবেন ‘জন নয়াগন’ থালাপতি বিজয়।