বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বৃহস্পতি এখন তুঙ্গে। তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তির পর থেকেই বলিউডে আলোচনার কেন্দ্রেই থাকেন এই অভিনেতা।
এই সিনেমায় জসকিরত ও হামজা নামের দুই ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এ
শোনা যাচ্ছে, এবার নাকি রণবীর সিং পৌরাণিক চরিত্রে সিনেমায় অভিনয় করবেন। আর সেই কাঙ্খিত চরিত্রটি নাকি মহাদেব।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লেখক অমীশ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্স অফ মেলুহা’ অবলম্বনে বিগ বাজেটের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে।
বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানা গেছে। শুধু অভিনয় নয়, নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও নাকি যুক্ত আছেন রণবীর। যদিও এখনো পরিচালক বা অন্য অভিনয়শিল্পীদের নাম চুড়ান্ত হয়নি।
ছবির শুটিং শুরু হতে পারে ২০২৮ সালে। তবে মুক্তির সম্ভাব্য তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে পরিচালক আদিত্য ধরের নতুন ছবির কাজ শুরু করবেন রণবীর। এছাড়াও তার হাতে রয়েছে ‘প্রলয়’ নামের আরও একটি বড় বাজেটের সিনেমা।
‘দি ইমমর্টাল্স অফ মেলুহা’ বইটিতে শিবকে প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে। পরে নিজের কাজ ও ব্যক্তিত্বের মাধ্যমে তিনি দেবতুল্য মর্যাদা অর্জন করেন। প্রকাশের পর থেকেই বইটি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে রণবীর সিংকে আলাউদ্দীন খিলজি ও বাজিরাও-এর মতো ঐতিহাসিক চরিত্রে দেখা গেছে। তাই তাকে শিবের চরিত্রে দেখার সম্ভাবনায় ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
তবে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। অন্যদিকে, এ বিষয়ে এখনো মুখ খোলেননি রণবীর সিং।