গত ঈদে আফরান নিশো অভিনীত ‘দম’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। যে সিনেমা দিয়ে এই অভিনেতা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন।
সেখানে নিশোর অভিনয় প্রশংসিত হয় এবং সিনেমাটিও ব্যবসায়িক দিক দিয়ে সফলতা পায়। ‘দম’-এর পর নিশো ভক্তরা উদগ্রীব হয়ে ছিল, তাদের প্রিয় অভিনেতাকে আগামী ঈদেও পর্দায় দেখা যাবে হয় তো।
কিন্তু এখন পর্যন্ত আগামী ঈদের কোনো নাটক কিংবা সিনেমায় আফরান নিশোর অভিনয়ের খবর নাই।
তবে ছোটপর্দার মাধ্যমে ঠিকই দর্শকের সামনে আসবেন, তবে ভিন্ন পরিচয়ে। আগামী ঈদে একজন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে টেলিভিশনে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে।
ঈদের এই বিশেষ অনুষ্ঠানটির নাম ‘আনন্দমেলা’। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। বর্তমানে অনুষ্ঠানটির নির্মাণ কাজ চলছে বিটিভির নিজস্ব অডিটরিয়ামে।
উপস্থাপনা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘ আনন্দমেলা দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। আর অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে কাজটি উপভোগ করছি।’
এই ম্যাগাজিন অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।