দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার শিশু ও হামের উপসর্গে মারা গেছে আট শিশু। শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আট শিশু ও নিশ্চিত হামে চার শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত এক হাজার ১৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ শিশুর ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ শিশু।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে সাত হাজার ৪১৬ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।