ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার পরপরই বলিউডের দুই নায়িকার ভক্তরা বিভক্ত হয়ে পড়েছেন। আলোচনায় থাকা তারকা দুইজন হলেন ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাট। আর আলোচনার বিষয় কান চলচ্চিত্র উৎসবে তাদের অংশগ্রহনের গুরুত্ব।
কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় হিসেবে অন্যতম পরিচিত মুখগুলোর একটি হলো ঐশ্বরিয়া রাই বচ্চন। যাকে ছাড়া ল’রিয়েল প্যারিসের প্রচারণা রীতিমত কল্পনাও করতে পারেন না তার ভক্তরা। তবে এবারের কানে ল’রিয়েল প্যারিসের সেই প্রচারণা থেকেই যেন গায়েব হয়ে গেলেন ঐশ্বরিয়া।
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে ১০ মে প্রকাশিত ভিডিওটিতে কানের একটি হোটেল ভবনের গায়ে বিশাল প্রচারণামূলক পোস্টার লাগানোর দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লনগোরিয়া এবং হেলেন মিরেনের মতো তারকাদের।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল- অ্যান্ড অ্যাকশন! কানের সবচেয়ে আইকনিক ভবনটি উৎসবের সাজে সেজে উঠছে। ভিডিওটি প্রকাশের পরপরই ইনস্টাগ্রাম ও এক্সে ভক্তরা মন্তব্য করতে শুরু করেন- ঐশ্বরিয়া কোথায়?
দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ল’রিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করে আসছেন। ফলে নতুন প্রচারণায় তার অনুপস্থিতি সহজেই ভক্তদের চোখে পড়ে।
অন্যদিকে নতুন প্রচারণায় বিশেষভাবে জায়গা পেয়েছেন আলিয়া। এই অভিনেত্রী টানা দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কানে অংশ নিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, ব্র্যান্ডটি হয়ত ধীরে ধীরে অপেক্ষাকৃত তরুণ শুভেচ্ছাদূতদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে ল’রিয়েল প্যারিস এক বিবৃতিতে জানায়, এ বছর কানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া, আলিয়া এবং অদিতি রাও হায়দারি। যদিও এই ঘোষণার পর কিছুটা জল্পনা কমেছে, তবুও প্রথম প্রচারণামূলক ভিডিওতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা থামেনি।