বাংলাদেশের শোবিজের জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ এবার সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নাম ‘ সারার সংসার’। এই ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব।
সিনেমাটির গল্প তৈরী করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন মৌ।
মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভ‚মি ছিল সত্তরের দশক। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সারার সংসার’ ওয়েব সিনেমার গল্পের প্রেক্ষাপট আধুনিক সময়ে নিয়ে আসা হয়েছে। সেই অনুযায়ী নতুনভাবে নির্মাণ করা হয়েছে চিত্রনাট্য। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয়, মানসিক টানাপোড়েন– সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল। গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।’
এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।
আগামী ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। সিনেমা ছাড়াও আগামী ঈদে আনন্দমেলাতেও থাকছে তার বিশেষ পরিবেশনা।