মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩৪টি শিশু। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫০৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৯৪টি শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৪২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৯২। এই সময়ে এক হাজার ২০৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৯ হাজার ১০৫ রোগী, যাদের মধ্যে ৫৪ হাজার ৮১২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।