সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুনব) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এসব ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে, এবং নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা ৯৭৬।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ ও মোট ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা এক লাখ নয় হাজার ১১১।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৭ হাজার ৬১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের।