বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করায় ইকুয়েডরে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠার পর বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট নোবোয়া দলের খেলোয়াড় ও কোচের প্রশংসা করে লেখেন, সমালোচনা, অপমান ও কঠিন সময়ের মধ্যেও খেলোয়াড় ও কোচ ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে এই অসাধারণ আনন্দ উপহার দিয়েছেন। তাই শুক্রবার (২৬ জুন) ছুটি।
গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্টের কাছে প্রথম ম্যাচে হারের পর কুরাসাওয়ের সঙ্গে ড্র করেছিল ইকুয়েডর। ফলে নকআউটে যেতে জার্মানির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের।
ম্যাচের শুরুতেই এক বিতর্কিত গোল হজম করে পিছিয়ে পড়ে দক্ষিণ আমেরিকার দলটি। দ্বিতীয় মিনিটে জার্মানির লেরয় সানে গোল করলেও আক্রমণ গড়ে ওঠার সময় ফাউলের অভিযোগ ওঠে। তবে রেফারি সেটি আমলে নেননি। পরে নবম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান ইকুয়েডরের নিলসন আঙ্গুলো। বিরতির পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে ইকুয়েডর।
অবশেষে ৭৭তম মিনিটে গনসালো প্লাতা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে জয়সূচক গোল করেন। তার ওই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইকুয়েডরের। জয়ের পর নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত ইকুয়েডরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
গ্রুপে জার্মানি ও আইভরি কোস্ট আগেই নক-আউট পর্ব নিশ্চিত করায় সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলের একটি হিসেবে শেষ ষোলোতে উঠেছে ইকুয়েডর। এটি তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া।
এর আগে, ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল ইকুয়েডর। সেবার ডেভিড বেকহামের একমাত্র গোলে ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।