ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে শুক্রবার (২৬ জুন) ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে। এ তথ্য জানিয়েছে ভলকানো ডিসকভারি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহরের প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে। প্রায় ৬ লাখ ৭৯ হাজার জনসংখ্যার এই শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূকম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং তুলনামূলক দীর্ঘ সময় স্থায়ী হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো ভবন ধসে পড়া, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবারই জাপানের চিবা প্রদেশে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এদিকে, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে। এর মধ্যে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশটিতে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।