চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিআইসি টাওয়ারে শুক্রবার (২৬ জুন) বিকেলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটিতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলাবিশিষ্ট সিটিআইসি টাওয়ারের ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ঘটনাস্থলে বিমানের 'লেজ'-এর একটি অংশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটি ট্যাক্সিক্যাবের জানালা ভেঙে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে।
সিএনএনের এক সাংবাদিক জানান, ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
এ ঘটনায় এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিএনএন জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত জানতে চীনা কর্তৃপক্ষ এবং বিমানটির মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যাওয়া নিবন্ধন নম্বর অনুযায়ী, বিমানটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান হতে পারে। এটি স্থানীয় জেনারেল অ্যাভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে নতুন নিরাপত্তা বিধিমালা কার্যকর হওয়ার পর বেইজিংয়ে সরকারি অনুমতি ছাড়া ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা ওড়ানো কার্যত নিষিদ্ধ করা হয়েছে।