ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৪ জুন) রাত সাড়ে আটটার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে ওই অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা সেখানে ছিলেন না, তিনি .অবস্থান করছিলেন।
তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৈশাখ দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন এবং এ জন্য চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন। দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন।
বৈশাখের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।