হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৭০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। একই সঙ্গে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।