শাপলা চত্বর হত্যাকাণ্ড
এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। প্রাথমিক তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (৩ মে) ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় দুই মাস বাড়িয়েছিলেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আবেদন করেছিলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ওই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিচালিত অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছিলেন, তা উদঘাটনে প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবার এবং হাসপাতালের নথিপত্র যাচাই করা হচ্ছে। শুধু ঢাকা মহানগরেই ৩২ জন নিহতের প্রমাণ পাওয়া গেলেও সারা দেশে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।