রামিসা হত্যার রায় আজ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুই আসামিকে আদালতে নেওয়া হয়েছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। পরে মামলার প্রধান আসামি সোহেল রানাকে পৌনে ৯টার দিকে আদালতে নেওয়া হয়।
জানা যায়, রায় ঘোষণা না হওয়া পর্যন্ত দুই আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে তাদের ট্রাইব্যুনালে ওঠানো হবে। রোববার সকাল ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
অন্যদিকে, রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া আদালত চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। রায় ঘিরে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আদালতের বিভিন্ন স্থানে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।
এর আগে, গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ প্রধান আসামি সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও স্বপ্না খাতুনের জন্য লঘুদণ্ডের আবেদন জানিয়েছে।