বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গুইমারেশ ও ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের গোলে জয় নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গুইমারেশস বল কাড়ার পর নিচু শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
তবে ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফেরায় মিশর। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে মোস্তাফা জিকো নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন। সমতায় ফেরার পরও ব্রাজিল আরও কয়েকটি সুযোগ তৈরি করে, তবে মিশরের গোলরক্ষক মোস্তাফা শুবির সেভে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।
বিরতির পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন। মাঠে নামানো হয় ১৯ বছর বয়সী এন্দ্রিককে। বদলি হিসেবে নেমেই দ্বিতীয়ার্ধের জয় নিশ্চিত গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দূরের কোণে বল জড়িয়ে দেন এন্দ্রিক, যা শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়।
এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে কার্লো আনচেলত্তির দল।
আগামী ১৩ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর, বেলজিয়ামের বিপক্ষে। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিরুদ্ধে।