বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ আর আত্মবিশ্বাস আরও একবার ঝালিয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলবিসেলেস্তেরা। হন্ডুরাসকে চাপে রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে তারা। প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে সেই চাপ থেকেই পরে আসে প্রথম গোলের সুযোগ।
লো সেলসোর শট ক্রসবারে লেগে ফেরার পর বল সংগ্রহ করে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের শট আটকাতে পারেননি।
গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। লো সেলসো, লাউতারো এবং থিয়াগো আলমাদারা সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যান স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে।
ম্যাচের ৫৫ মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সের ভেতরে লাউতারো মার্তিনেজের অসাধারণ ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে। তরুণ এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। পরে ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হোসে ম্যানুয়েল লোপেজসহ আরো কয়েকজনকে সুযোগ দেন স্কালোনি। গোলরক্ষক হুয়ান মুসোর পরিবর্তেও সুযোগ দেওয়া হয় নতুন মুখদের।
ম্যাচে না খেললেও আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। স্কালোনি আগেই জানিয়েছেন, মেসি এখন দলের সঙ্গে আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। হন্ডুরাসের বিপক্ষে এই জয় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিল। এখন শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।