৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার পর এবার বিশ্বকাপের দেশে পৌঁছেই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়ল দলটি। প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করে ইরাকের বিশ্বকাপ নিশ্চিত করা আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শনিবার ভোরে ইরাক দল শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কর্মকর্তারা। এরপর তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরীক্ষা করা হয় তাঁর মুঠোফোনও।
দীর্ঘ জেরার পর শেষ পর্যন্ত হুসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও একই অভিজ্ঞতার মুখে পড়ে আরো কঠিন পরিস্থিতিতে পড়েন দলের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহ। তাঁকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয় এবং একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হয়নি।
এ ঘটনায় ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা আইমেন হুসেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পাঠানো বার্তার কোনো জবাব দেয়নি।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে প্রিয় দলকে স্বাগত জানাতে ভোররাতেই বিমানবন্দরে ভিড় করেছিলেন ইরাকি সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরাকের পতাকা হাতে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন সমর্থকেরা। অনেকেই খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছেন।
৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের জন্য এই যাত্রা যেমন আনন্দের, তেমনি শুরুতেই তৈরি হলো অস্বস্তির ছাপ। আগামী বৃহস্পতিবার, ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে খেলবে ইরাক। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।