শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) শুনানি শেষে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের উদ্দেশ্যে রাজধানীর বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে ভোররাতে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভবনের নিরাপত্তাকর্মীরা প্রথমে পুলিশকে সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে হেফাজতে নেওয়া হয়।
আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।