বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় রায় ঘোষণার তারিখ আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক। শুনানিকালে কারাগার থেকে তাকে এজলাসে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি এস কে সুরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়। তবে এই আদেশ পাওয়ার ২১ কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।
২০২৫ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। এরপর ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। মামলাটির বিচারকালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত ।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।