ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে সংরক্ষিত খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি শোক বইয়ে স্বাক্ষর করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত, এই উপলব্ধি থেকে মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।