যুদ্ধাবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ রয়েছে। ফলে শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েতের চারটি, কাতারের চারটি, এমিরেটসের চারটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ফ্লাইদুবাইয়ের দুইটি, গালফ এয়ারের দুইটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঁচটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি।
এর আগে, গত শনিবার ২৩, রোববার ৪০, সোমবার ৪৬, মঙ্গলবার ৩৮, বুধবার ২৮ ও বৃহস্পতিবার আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়।