জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমাদের যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন সময় আইনের শাসন কায়েম, তথা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
মঙ্গলবার (১০ মার্চ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলের আগে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সারা দেশে আমাদের আইনজীবীরা প্রতিজ্ঞা করেছিল ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ তথা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আইনজীবী সমাজ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ওয়াদা ছিল সেই ওয়াদা রক্ষা করতে পেরেছি।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীদিনে যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন, যেখানে আইনের শাসন থাকবে, সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাংবিধানিক অধিকার থাকবে। আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার সারথি হিসেবে আমরা প্রত্যেককে আমাদের পাশে পাবো, ইনশাল্লাহ।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন সময় আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই ক্ষেত্রে দেশের সমস্ত আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক দেশ গড়ে তুলি। যে দেশে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এমপি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।