পদ্মায় বাসডুবি
রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী চিঠিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন।
বিআরটি-এর প্রতিবেদন অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।