জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেডের যৌথ উদ্যোগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে সোমবার (২৭ এপ্রিল) এই সেমিনার আয়োজিত হয়।
সেমিনারের শিরোনাম ছিল ‘জেরিয়াট্রিক নিউট্রিশন: অ্যান আপডেট’। এতে কিনোট বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুল আরেফিন।
তিনি বলেন, প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি। বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরে তিনি জানান, প্রবীণদের পুষ্টি চাহিদা পূরণে দৈনন্দিন খাদ্যের পাশাপাশি প্রয়োজন হলে মানসম্মত পুষ্টি সমৃদ্ধ সম্পূরক খাদ্য গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি।
নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা ডা. জেবা মাহমুদ বলেন, ‘দেশে প্রবীণদের স্বাস্থ্য, বিশেষ করে পুষ্টির বিষয়টি এখনো অনেকাংশে উপেক্ষিত। এ অবস্থা থেকে উত্তরণে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন।’
অধ্যাপক ডা. খোরশেদ জাহান বলেন, ‘প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে প্রবীণদের সুস্থ, সবল ও দীর্ঘজীবন নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’ তিনি এ বিষয়ে দেশে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের নির্বাহী পরিচালক অরুন কুমার মন্ডল বলেন, ‘প্রবীণদের সঠিক ও নিরাপদ পুষ্টি নিশ্চিত করা গেলে তারা দীর্ঘমেয়াদি রোগব্যাধিতে কম আক্রান্ত হবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে।’
সেমিনারে নিউট্রিশন সলিউশনসের জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ মো. রওশন কবির বলেন, ‘এ ধরনের পুষ্টিবিষয়ক সভা ও সেমিনার জেলা ও উপজেলা পর্যায়েও আয়োজন করা প্রয়োজন।’
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি সব পর্যায় থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’