৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশেপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে।
এদিকে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
অপরদিকে গত কয়েকদিনের টানা ঝড় ও ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা ও নদনদীর পানি বাড়ায় তলিয়ে গেছে হাওরের ধান। তবে কৃষকদের জন্য স্বস্তির খবর হলো, আগামী ১০ দিনের বেশি সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে আসার আশা করা হচ্ছে।
এছাড়া আজ সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও উল্লেখিত সময়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।