ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানটিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তারা ঢামেক প্রাঙ্গণে পৌঁছান।
সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে তারা দুটি বৃক্ষরোপণ করেন। কার্যক্রম উদ্বোধন শেষে সংবাদ ও মিডিয়া কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর।
এদিন ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজনও করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটবে প্রতিষ্ঠানটি।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।