‘জুলাই শহিদ দিবস’-২০২৬ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যাতে নাশকতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, ১৬ জুলাই উপলক্ষে জারিকৃত সব ধরনের আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে র্যাব ফোর্সেস। সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানস্থল, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি র্যাবের টহল কার্যক্রম আরও দৃশ্যমান করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্টও স্থাপন করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করতে আগাম তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাবজানিয়েছে, দায়িত্ব পালনের সময় নিজস্ব কমান্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে র্যাব। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার টহল ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে দ্রুত র্যাবকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।